
ফরিদপুরের সদরপুর উপজেলা যুবদলের নেতা মুন্সী ইশারত বলেছেন, যুবদলের দায়িত্ব পেলে তিনি সংগঠনকে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করে উপজেলার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে কাজ করবেন। একই সঙ্গে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান তিনি।
সম্প্রতি তার বাসভবনে এক মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে মুন্সী ইশারত বলেন, “যুবদল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি তরুণদের অধিকার আদায়, সামাজিক দায়বদ্ধতা ও দেশ গঠনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সংগঠনের দায়িত্ব পেলে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সদরপুর উপজেলা যুবদলকে একটি মডেল ইউনিট হিসেবে গড়ে তুলবো।”
তিনি আরও বলেন, “মাদক বর্তমানে যুবসমাজের জন্য সবচেয়ে বড় হুমকি। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি সামাজিক প্রতিরোধও জোরদার করতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই।”