
নরসিংদীর মনোহরদী উপজেলায় জাল টাকা তৈরি ও বাজারজাতকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট, জাল টাকা তৈরির সরঞ্জাম ও বিভিন্ন মেশিন উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার দিবাগত রাত আনুমানিক ১১টা ৩৫ মিনিটে র্যাব-১১, সিপিএসসি, নরসিংদী এবং র্যাব-০৪, সদর কোম্পানি, ঢাকার যৌথ অভিযানে মনোহরদী থানার সৈয়দেরগাঁও এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মনোহরদী উপজেলার সৈয়দেরগাঁও গ্রামের মৃত ওসমান মিয়ার ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৩৮)।
র্যাব সূত্রে জানা যায়, আসন্ন পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে নরসিংদী, কিশোরগঞ্জ, গাজীপুর ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিল একটি সংঘবদ্ধ চক্র। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা দেলোয়ার হোসেনের বসতবাড়িতে অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দেলোয়ার হোসেন জাল টাকা তৈরি ও বাজারজাত করার প্রস্তুতির বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
অভিযানকালে তার বাড়ি থেকে উদ্ধার করা হয় ১৬০টি টাকা ছাপানো পাতা, ৫০ টাকার ৩৬০টি জাল নোট, একটি GPSON প্রিন্টার, একটি ২৪ ইঞ্চি LG এলইডি মনিটর, একটি লেমিনেটিং মেশিন, একটি CPU, তিনটি পুরাতন মোবাইল ফোন, সাতটি রাসায়নিক পদার্থের কৌটা, ১৩টি কাঠের ফ্রেম, প্রায় ৮২০ গ্রাম বিভিন্ন ধরনের রং এবং ৫ গ্রাম নিরাপত্তা সুতা।
র্যাব জানায়, জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মনোহরদী থানায় Special Powers Act, 1974 এর ২৫এ ধারা এবং দণ্ডবিধির ৪৮৯(ক), ৪৮৯(খ), ৪৮৯(গ) ও ৪৮৯(ঘ) ধারায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম বলেন, “ঈদকে সামনে রেখে কোনো অসাধু চক্র যাতে জাল টাকা বাজারে ছড়িয়ে সাধারণ মানুষকে প্রতারণার শিকার করতে না পারে, সে লক্ষ্যে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।”
র্যাব আরও জানিয়েছে, জাল টাকা প্রস্তুত ও বাজারজাতকারী চক্রের বিরুদ্ধে ভবিষ্যতেও তাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।