
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চর কৃষ্ণপুর এলাকার ভূবনেশ্বর নদী থেকে এক অজ্ঞাত পরিচয়ের নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ জুন ২০২৬) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে স্থানীয় বাসিন্দারা নদীতে একটি নারীর মরদেহ ভাসতে দেখতে পান। পরে তারা স্থানীয় মেম্বার আব্দুল জলিল মিয়াকে বিষয়টি অবহিত করেন। মেম্বারের মাধ্যমে খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
উদ্ধারকৃত নারীর বয়স আনুমানিক ১৪ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধারের পর সদরপুর থানার জরুরি ডিউটি অফিসার এসআই (নিরস্ত্র) মো. আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।
সদরপুর থানার পক্ষ থেকে অজ্ঞাত ওই নারীর পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।