
টাঙ্গাইলের ঘাটাইলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন রিফা (১৭) নামের এক কিশোরী। ঘটনাটি ঘটেছে উপজেলার দেওপাড়া ইউনিয়ন ৪ নং কালিকাপুর গ্রামে। কিশোরীর অনশনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ভুক্তভোগী কিশোরী রিফা ধলাপাড়া ইউনিয়নের রামদেবপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। অভিযুক্ত প্রেমিকের নাম শহিদুল ইসলাম, যিনি দেওপাড়া গ্রামের তুলা মিয়ার ছেলে।
রিফা জানায়, দীর্ঘ দুই বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। এই সম্পর্কের সূত্র ধরে গত সাত মাস আগে শহিদুল তাকে প্রেমের ফাঁদে ফেলে ঘাটাইলের একটি বাসায় একা রেখেছিল। এর আগে সে এলেঙ্গায় তার ফুফাতো বোনের বাড়িতেও ছিল। সর্বশেষ তিন মাস আগে রিফা একবার তার প্রেমিকের বাড়িতে এসেছিল। বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার পর এখন তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছে শহিদুল।স্থানীয় সূত্রে জানা যায়, রিফা এখন উপায়ান্তর না দেখে বিয়ের দাবিতে শহিদুলের বাড়িতে অনশন শুরু করেছে। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত শহিদুল ইসলাম পলাতক রয়েছে।
স্থানীয়রা জানান, ভুক্তভোগী কিশোরী অনড় অবস্থানে রয়েছেন। তিনি দাবি করেছেন, বিয়ে না হওয়া পর্যন্ত তিনি এই বাড়ি থেকে যাবেন না।এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সমাধানের চেষ্টা করছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি।