
জাতীয় পত্রিকা দৈনিক ঐশী বাংলা-এর বিশেষ প্রতিনিধি এবং গ্লোবাল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংবাদিক শামীম শাহরিয়ার মনে করেন, গণমাধ্যমের সুরক্ষা ও স্বাধীনতা নিশ্চিত না হলে কোনোভাবেই গণমানুষের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।
তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো গণমাধ্যম। সমাজের বাস্তব চিত্র, অনিয়ম, দুর্নীতি এবং জনদুর্ভোগ সাধারণ মানুষের সামনে তুলে ধরার মাধ্যমে গণমাধ্যম একটি দেশকে সঠিক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই গণমাধ্যমকে শক্তিশালী, স্বাধীন ও নিরাপদ রাখা রাষ্ট্রের জন্য অত্যন্ত জরুরি।
বর্তমান সময়ে গণমাধ্যমকর্মীরা নানা ধরনের চাপ, হুমকি, হয়রানি এবং সীমাবদ্ধতার মধ্যেও দায়িত্ব পালনের চেষ্টা করছেন। অনেক ক্ষেত্রে সত্য প্রকাশের কারণে সাংবাদিকরা ঝুঁকির মুখে পড়েন, যা শুধু ব্যক্তি সাংবাদিকের জন্য নয় বরং পুরো সমাজের জন্য উদ্বেগজনক। গণমাধ্যম যখন বাধাগ্রস্ত হয়, তখন সমাজের অনিয়ম ও দুর্নীতি আড়ালে থেকে যায়।
বিশ্লেষকরা মনে করেন, গণমাধ্যমের স্বাধীনতা কেবল সাংবাদিকদের অধিকার নয়; এটি জনগণের তথ্য জানার মৌলিক অধিকার। একটি রাষ্ট্র তখনই স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং শক্তিশালী হয়, যখন গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে। অন্যথায় উন্নয়ন পরিকল্পনা ও বাস্তব পরিস্থিতির মধ্যে বড় ধরনের ব্যবধান তৈরি হয়।
সচেতন মহল ও গণমাধ্যমকর্মীদের দাবি, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর আইন প্রয়োগ ও সামাজিক সুরক্ষা ব্যবস্থা জোরদার করা জরুরি। পাশাপাশি গণমাধ্যমের ওপর অযাচিত চাপ, হস্তক্ষেপ ও বাধা বন্ধ করতে হবে।