ফরিদপুরের সদরপুর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের কথিত সাংগঠনিক তৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল।
মঙ্গলবার (২৩ জুন) সকালে সদরপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ছাত্রদল নেতা মোঃ তুষার মাহমুদ। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা ও টহল কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন করার পাশাপাশি বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার এবং রাজনৈতিক সহিংসতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে জনমনে ব্যাপক ক্ষোভ রয়েছে। তারা দাবি করেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ও সাংগঠনিক তৎপরতা প্রতিহত করতে ছাত্রসমাজ সতর্ক অবস্থানে রয়েছে।
ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, দেশের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য জননেতা মো. শহিদুল ইসলাম বাবুলের প্রতি সমর্থন জানাতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারা আরও বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছাত্রসমাজের উপস্থিতি ও ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরার মাধ্যমে যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: জাহিদ হোসেন (সজল)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৬/৫৭ শরিফ ম্যানশন মতিঝিল ঢাকা।
ই-মেইলঃ truthbangla2025@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত