
যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য, ইরানের বিরুদ্ধে পরোক্ষ সম্পৃক্ততা
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী Keir Starmer সোমবার এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন।
স্টারমার স্পষ্ট করে বলেন, যুক্তরাজ্য সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে না। তবে উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোর অনুরোধে ব্রিটিশ যুদ্ধবিমান বর্তমানে যৌথ প্রতিরক্ষা অভিযানে অংশ নিচ্ছে এবং ইরান থেকে ছোড়া একাধিক হামলা প্রতিহত করেছে।
তিনি বলেন, হুমকি পুরোপুরি বন্ধ করার একমাত্র উপায় হলো ক্ষেপণাস্ত্রগুলোকে তাদের উৎসস্থলেই ধ্বংস করা। অর্থাৎ যেসব গুদামে মিসাইল সংরক্ষণ করা হয় কিংবা যেসব লঞ্চার থেকে সেগুলো ছোড়া হয়, সেগুলো লক্ষ্যবস্তুতে পরিণত করতে হবে।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ‘নির্দিষ্ট ও সীমিত প্রতিরক্ষা স্বার্থে’ ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়েছে। লন্ডন সেই অনুরোধ গ্রহণ করেছে।
স্টারমার বলেন, তাদের উদ্দেশ্য ইরানকে থামানো, যাতে তারা পুরো অঞ্চলে মিসাইল হামলা চালিয়ে নিরীহ মানুষের প্রাণহানি না ঘটাতে পারে, ব্রিটিশ নাগরিকদের ঝুঁকিতে না ফেলে এবং সংঘাতের সঙ্গে সরাসরি জড়িত নয় এমন দেশগুলোকে লক্ষ্যবস্তু না বানায়।
এ ঘোষণার মধ্য দিয়ে যুক্তরাজ্য সরাসরি যুদ্ধ না করলেও কৌশলগত ও সামরিক সহায়তার মাধ্যমে সংঘাতে পরোক্ষভাবে সম্পৃক্ত হলো।
সূত্র: BBC